নির্ধারিত সময়ের পরও অফিসে কার্যক্রম, অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ চুনতি ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে
নির্ধারিত সময়ের পরও চুনতি ভূমি অফিসে কার্যক্রম, অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে
লোহাগাড়া প্রতিনিধি:
লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন ভূমি অফিসে সরকার নির্ধারিত অফিস সময়ের পরও কার্যক্রম চালানোর অ/ভিযোগ উঠেছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সরেজমিনে গিয়ে অফিস খোলা এবং ভেতরে কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি দেখা যায়।
তবে অফিস সময়ের বাইরে কাজ করার বিষয়ে বিদ্যুৎ না থাকার যুক্তি দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
সরেজমিনে দেখা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে চুনতি ইউনিয়ন ভূমি অফিসের দরজা খোলা ছিল। ভেতরে লাইট ও ফ্যান চলছিল। অফিস সহায়ক অভি দাশ কম্পিউটারে কাজ করছিলেন।
অন্যদিকে, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মঞ্জুর আলমকে তার পাশে বসে থাকতে দেখা যায়।
এ সময় সরকার নির্ধারিত অফিস সময় সম্পর্কে জানতে চাইলে তারা দ্রুত লাইট ও ফ্যান বন্ধ করে অফিসে তালা লাগিয়ে বের হয়ে যান।
এদিকে, ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকার অভিযোগও রয়েছে। অভিযোগকারীদের দাবি, অফিস সময়ের পর অতিরিক্ত অর্থের বিনিময়ে বিভিন্ন কাজ করা হয়।
অভিযোগের বিষয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মঞ্জুর আলম বলেন, অফিস সময়ে বিদ্যুৎ ছিল না। তাই কিছু কাজ অফিস সময়ের বাইরে করা হচ্ছিল।
সরকারি দপ্তরের নির্ধারিত সময়সূচি মেনে ভূমিসেবা প্রদান এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।