চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৭৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১১৭ জন, পূর্ববর্তী মামলায় গ্রেফতার ৬৩ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ২৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৯ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৪ জন, পরোয়ানা মূলে ১৫৩ জন ও সাজা পরোয়ানা মূলে ৩০ জন রয়েছেন।
এ ছাড়া মাদক মামলায় ৪৪ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত ও অন্যান্য মামলায় ৫৫ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ জনকে কারাদণ্ড দেওয়া হয় এবং ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় ৩৭টি মাদক মামলা দায়ের করা হয়।
অভিযানে ৪১ হাজার ৫৩৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ৩৫ কেজি ৮৮২ গ্রাম গাঁজা, ৪৪ লিটার চোলাই মদ ও ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১৩ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জেলাভিত্তিক গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চট্টগ্রামে ৫ জন, কুমিল্লায় ৫ জন, চাঁদপুর ১ জন ও লক্ষ্মীপুরে ২ জন রয়েছেন।
অন্যদিকে, কিশোর গ্যাং বিরোধী অভিযানে ২৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২৪৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং ৩৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কিশোর গ্যাং বিরোধী এ অভিযানে চট্টগ্রামে ৬৭ জন, কক্সবাজারে ১৭ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২৭ জন, চাঁদপুরে ১২ জন, নোয়াখালীতে ৯৯ জন, ফেনীতে ১১ জন, লক্ষ্মীপুরে ১৪ জন, রাঙ্গামাটিতে ৩ জন এবং খাগড়াছড়িতে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
জনস্বার্থে পরিচালিত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।