চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের কালুরঘাট সেতুর পর বোয়ালখালী অংশে রেললাইনের ক্লিপ চুরির সময় মো. হোসেন (৩৫) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) রেলওয়ের জান আলী হাট স্টেশনের মাস্টার নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের কালুরঘাট সেতুর পর বোয়ালখালী অংশে রেললাইনের ক্লিপ চুরির ঘটনা ঘটে।
শনিবার রাত সাড়ে ৭টার দিকে দায়িত্ব পালনরত গেইটম্যান সিফাত হোসেন বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই যুবককে হাতেনাতে আটক করে তাকে স্টেশনে নিয়ে আসা হয়।
এ সময় তার কাছ থেকে কয়েকটি ক্লিপ ও হাতুড়ি জব্দ করা হয়। পরে তাকে রেলওয়ে পুলিশের (জিআরপি) কাছে হস্তান্তর করা হয়।
রেললাইনের ক্লিপ রেলপথের গুরুত্বপূর্ণ উপকরণ। এসব ক্লিপ রেললাইনের সঙ্গে স্লিপারের সংযোগ ধরে রাখতে সহায়তা করে। ফলে রেললাইনের ক্লিপ চুরি হলে রেলপথের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে।
এ ধরনের ঘটনা প্রতিরোধে রেললাইনের আশপাশে নজরদারি ও নিরাপত্তা জোরদার করা জরুরি বলে জানিয়েছেন স্থানীয়রা।