চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফকিরন্নির রাস্তারমাথা অস্থায়ী বাজারের খাস কালেকশন আদায় নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বাজার থেকে প্রকাশ্যে টাকা আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ইদ্রিস হায়দার নয়নের বিরুদ্ধে।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলছেন, বাজারটি কাউকে ইজারা দেওয়া হয়নি এবং ভূমি অফিসের মাধ্যমেই খাস কালেকশন আদায় করা হচ্ছে। এদিকে বাজারের খাস কালেকশন আদায়ের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সার্টিফিকেট সহকারী মো. রাশেদ এবং জুলধা ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার অরুণ বড়ুয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
জুলধা ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা গেছে, এতদিন ভূমি অফিসের পক্ষ থেকেই বাজারটির খাস কালেকশন আদায় করা হতো। তবে গত রোববার খাস কালেকশন আদায় করতে অফিসের একজন কর্মচারী বাজারে গেলে বিএনপি নেতা ইদ্রিস হায়দার নয়ন তাকে টাকা তুলতে নিষেধ করেন।
তহসিলদার অরুণ বড়ুয়া বলেন, “ইদ্রিস হায়দার নয়ন উপজেলা থেকে বাজার ইজারা নিয়েছেন দাবি করে আমাদের স্টাফকে টাকা তুলতে নিষেধ করেছেন। পরে তিনি উপজেলা ইউএনও কার্যালয়ের সার্টিফিকেট সহকারী রাশেদকে ফোনে ধরিয়ে দেন। রাশেদ আমাদের জানান, আপনারা আর বাজারের টাকা তুলবেন না। এখন থেকে ইদ্রিস হায়দার নয়ন বাজারের টাকা তুলবেন। এরপর থেকে আমরা আর বাজারের টাকা তুলিনি।” তবে ইদ্রিস হায়দার নয়নের দাবি, উপজেলা ইউএনও কার্যালয় থেকেই তিনি বাজারটির খাস কালেকশনের দায়িত্ব পেয়েছেন। তার ভাষ্য, প্রতিমাসে ২০ হাজার টাকা করে জমা দেওয়ার কথা রয়েছে। তবে এ দায়িত্ব পালনের জন্য উপজেলা বা ভূমি অফিস থেকে তাকে কোনো লিখিত কাগজপত্র দেওয়া হয়নি বলেও স্বীকার করেন তিনি।
এ বিষয়ে ইউএনও কার্যালয়ের সার্টিফিকেট সহকারী মো. রাশেদের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে তার কার্যালয়ে গিয়ে বিষয়টি জানতে চাইলে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তিনি প্রায় আধা ঘণ্টা কার্যালয়ের বাইরে ছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে ফিরে এসে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আপনারা ইউএনওর সঙ্গে এ বিষয়ে কথা বলেন।”
এ বিষয়ে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম বলেন, “এটি কাউকে ইজারা দেওয়া হয়নি। ভূমি অফিসের মাধ্যমে খাস কালেকশন আদায় করা হচ্ছে।” তবে ইউএনওর বক্তব্যের সঙ্গে ইদ্রিস হায়দার নয়নের দাবির স্পষ্ট ভিন্নতা রয়েছে। নয়নের দাবি, তিনি উপজেলা ইউএনও কার্যালয় থেকেই বাজারটির খাস কালেকশনের দায়িত্ব পেয়েছেন।