চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ৪নং ওয়ার্ডের মোহাম্মদপুর গলাছিপা এলাকায় শুক্রবার (২ অক্টোবর) দুপুরে গাছের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় আবু তায়েফ (৩৭) নামে এক দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে তায়েফ পার্শ্ববর্তী ইটভাটায় দিনমজুরের কাজে যায়। দুপুরে কাজের বিরতিতে পার্শ্ববর্তী বটতলী টিলার নির্জন পরিবেশে জাম গাছের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জহির উদ্দিন।
তায়েফ রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোহাম্মদপুর গলাছিপা গ্রামের মৃত মুক্তুল হোসেনের ছেলে। তার স্ত্রী ও দুটি ছেলে রয়েছে বলে নিশ্চিত করেন।
রাঙ্গুনিয়া থানার ওসি জানান, এটা আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকান্ড এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। তাছাড়া পুলিশ এ বিষয়ে নিজস্ব উপায়েও নিশ্চিত হওয়ার চেষ্টা অব্যাহত রাখবে।