ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান; বিভিন্ন কার্যক্রম তদারকি 

দাপ্তরিক সময়ের বাইরেও নগরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ব্যক্তিগতভাবে মাঠপর্যায়ে তদারকি করছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। প্রায়ই নিজস্ব দাপ্তরিক টিম ছাড়াই তিনি নগরের বিভিন্ন এলাকা, প্রতিষ্ঠান ও চলমান প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করছেন।

এরই ধারাবাহিকতায় দাপ্তরিক ছুটির দিনেও শুক্রবার নগরের বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠান এবং প্রবর্তক মোড়সংলগ্ন হিজড়া খাল প্রকল্প পরিদর্শন করেন তিনি।

এদিন চউক চেয়ারম্যান ন্যাশনাল হাসপাতাল, ম্যাক্স হাসপাতাল, মেট্রো ডায়াগনস্টিক সেন্টার ও স্বপ্ন সুপার শপ পরিদর্শন করেন। হাসপাতালগুলোর কার্যক্রম, পার্কিং ব্যবস্থা ও ট্রাফিক ব্যবস্থাপনার অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ ও তদারকি করেন তিনি।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ যানজট নিরসনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে চেয়ারম্যানকে অবহিত করেন। এর মধ্যে মোটরসাইকেলের জন্য পৃথক ব্যবস্থা, পার্কিং সুবিধা বৃদ্ধি এবং যানবাহন নিয়ন্ত্রণে নিয়োজিত নিরাপত্তাকর্মীদের দক্ষতা ও মানোন্নয়নের উদ্যোগের কথা জানানো হয়। পাশাপাশি নিরাপত্তাকর্মীদের দেশীয় প্রশিক্ষণের পাশাপাশি বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।
চউক চেয়ারম্যান হাসপাতাল কর্তৃপক্ষকে পার্কিং ব্যবস্থাপনা আরও কার্যকর করা, হাসপাতালের প্রবেশ ও বহির্গমন পথে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত নিরাপত্তাকর্মীদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরে তিনি প্রবর্তক মোড়সংলগ্ন হিজড়া খালে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। বর্ষা মৌসুম শেষ পর্যায়ে থাকায় খালের অবশিষ্ট কার্যক্রম শুরু করার লক্ষ্যে প্রকল্প এলাকার বিভিন্ন কারিগরি দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

এ সময় প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অবশিষ্ট কাজের ধরন, বাস্তবায়ন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কারিগরি বিষয় নিয়ে আলোচনা করেন চউক চেয়ারম্যান।

নগরের যানজট ও জলাবদ্ধতা নিরসনসহ চলমান উন্নয়ন কার্যক্রমের গুণগত অগ্রগতি নিশ্চিত করতে দাপ্তরিক সময়ের বাইরেও এ ধরনের সরেজমিন তদারকি অব্যাহত রাখছেন চউক চেয়ারম্যান।

আরও পড়ুন