বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার-১

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রীজ এলাকার পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ইয়াকুব আলী রংপুর জেলার পীরগঞ্জ থানার মিঠিপুর ইউনিয়নের কতুবপুর গবরা এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।

বাঁশখালী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছড়ারব্রীজের সামনে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন কালো-সিলভার রঙের জিপিএক্স ডেমন মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেলের ফুয়েল ট্যাংকের পাশে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাগুলো জব্দ এবং মোটরসাইকেলটি হেফাজতে নেয় পুলিশ।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। বাঁশখালীকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক পরিবহন, সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। উদ্ধার করা ইয়াবার উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, সমগ্র বাঁশখালীতে মাদকের বিরোদ্ধে ইউনিয়নভিত্তিক জনমত গড়ে তোলার কাজ করছে থানা পুলিশ।