ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মতো হেঁটে বাড়ির পথে ফিরছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক (৬৬)। কিন্তু সেই পথেই ওঁত পেতে ছিল নির্মম মৃত্যু। মহাসড়কে পৌঁছাতেই দ্রুতগতির একটি বাসের ধাক্কায় প্রাণ হারালেন তিনি। নামাজ শেষে বাড়ি ফেরার কয়েক মিনিটের পথই হয়ে গেল তাঁর জীবনের শেষ যাত্রা।
রোববার (২৩ আগস্ট) ভোরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজ আদায় শেষে আব্দুল খালেক হেঁটে বাড়ির দিকে ফিরছিলেন। বড় দারোগারহাট বাজারের উত্তর পাশে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পৌঁছালে গ্রীণ লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। বাসটি থামেনি, দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন আব্দুল খালেক। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একজন সাবেক জনপ্রতিনিধির এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কমলদহ গ্রামের পরিবেশ। ফজরের নামাজ পড়ে যে মানুষটি হাসিমুখে বাড়ি ফেরার কথা ছিল, সেই মানুষটির নিথর দেহই ফিরল স্বজনদের কাছে-এমন নির্মম পরিণতি মেনে নিতে পারছেন না কেউ।
কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আবছার বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে।’