চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান পদে নিয়োগের সুপারিশ প্রাপ্ত হয়েছেন রিয়ার এডমিরাল খন্দকার আক্তার হোসেন। রোববার (১৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণ শাখা কর্তৃক ইস্যুকৃত স্মারক নম্বর: ০৫.০০,০০০০,১৩২,১৯,০০১,২৬-৯১৯ মোতাবেক তাকে এই পদে নিয়োগের প্রস্তাব করা হয়েছে বলে একটি অফিস আদেশ স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
স্যোশাল মিডিয়ায় প্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব নুর-এ-আলম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও নৌবাহিনী সদর দপ্তর কর্তৃক বিবেচ্যপত্রে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (নৌবাহিনী) রিয়ার এডিমিরাল খন্দকার আক্তার হোসেনকে বর্ণিত পদে প্রেষণে নিয়োগের প্রস্তাব করা হয়েছে। নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে পত্রের অনুলিপি দেয়া হয়েছে।
নতুন চেয়ারম্যান হিসেবে রিয়ার এডমিরাল খন্দকার আক্তার হোসেনের নাম প্রস্তাবের বিষয়ে স্যোশাল মিডিয়ায় প্রাপ্ত আদেশ সম্পর্কে জানতে চাইলে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামীম বলেন, এ ধরণের কোনো অফিস আদেশ আমরা এখনও পাইনি। তাই বিষয়টি নিয়ে কিছু বলতে পারছিনা। প্রয়োজনে আপনি সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করেন।