চট্টগ্রামের হাটহাজারীতে শ্বশুড়বাড়ীতে নিজ শয়নকক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আনোয়ার আলী সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া লাশটি উত্তর মাদার্শা ইউনিয়নের তেহমনি এলাকার ইউসুফের মেয়ে এবং ওই এলাকার প্রবাসী ফিরোজের স্ত্রী সুমাইয়া আক্তার (১৯) এর বলে জানা গেছে। প্রায় তিন বছর আগে পারিবারিকভাবেই প্রবাসী ফিরোজের সাথে সুমাইয়া আক্তারের বিয়ে হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টা পর্যন্ত সুমাইয়ার ঘরের দরজা বন্ধ ছিল। দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুমাইয়ার শ্বশুরবাড়ির কয়েকজন সদস্যকে থানায় নেওয়া হয়েছে।
হাটহাজারী মডেল থানার এসআই আল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।