চট্টগ্রাম জেলার ফটিকছড়িতে অবস্থিত হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য পরিদর্শন করেছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি ও স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
শনিবার (১৫ আগস্ট) বিকালে প্রায় ২২ কিলোমিটার পাহাড়ী উঁচু নিচু পথ পায়ে হেঁটে মন্ত্রীসহ অন্যরা প্রায় ৩শ ফুট উঁচু একটি পাহাড়ে ওঠেন। পাহাড়ের চূড়ায় পৌঁছে তারা নামাজ আদায় করেন।
পরিদর্শনকালে মন্ত্রী এমপিসহ সংশ্লিষ্টরা প্রাণী ও জীব বৈচিত্র্য রক্ষায় প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের নানাদিক নিয়ে আলোচনা করেন। বন্য প্রাণীর আবাস্থল কীভাবে নিরাপদ ও নির্বিগ্ন করে তাদের বসবাস নিরাপদ করা যায় সেসব কৌশল নিয়েও আলোচনা হয়। সমতলে যাতায়াত ব্যবস্থার আধুনিকায়ন, পাহাড়ে নিরাপত্তা জোরদার, প্রাকৃতিক পরিবেশের ক্ষতিসাধন রোধ এবং সর্বেোপরি বন্য প্রাণীদের আনোগোনা ধরে রাখতে সরকারী উদ্যোগ গ্রহণের বিষয়টি পরিদর্শনকালে ওঠে আসে। সেই সাথে বন্যপ্রাণী শিকাররোধে কঠোর আইনের প্রয়োগও নিশ্চিত করার তাগিদ দেন মন্ত্রী ও এমপি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হলে সংশ্লিষ্ট ডিসি, ইউএনও ও পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা হবে। কোথাও কাঠ পোড়ানো হচ্ছে এমন ইটভাটা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
এ সময় বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।