চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বিকেলে সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মার্কেটের ইমাম মাওলানা হাফেজ মো: শোয়াইবুল মতিন।
সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন কমিশনার মোহাম্মদ ইছহাক মিয়ার সঞ্চালনায় ও প্রধান নির্বাচন কমিশনার সফিক উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আশরাফুল আমিন।
মঞ্চে আসন গ্রহণের পর প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার সফিক উদ্দিন আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আশরাফুল আমিন বলেন, নতুন কমিটির সদস্যরা নির্বাচিত হয়ে ইতিমধ্যেই অনেক কাজ শুরু করে দিয়েছে। তারা মার্কেটের অনেক সমস্যা সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন। ইনশাআল্লাহ মার্কেটের উন্নয়নে সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় সর্বাত্মক সহযোগিতা করবেন। আশা করি সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটটি একটি আইকনিক মার্কেটে রুপান্তরিত হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নির্বাচন কমিশনার মো: সাহাদাত হোসেন, ২০২৩-২০২৫ কার্যকরী পরিষদের সভাপতি আলহাজ্ব আহমেদ হোছাইন, সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে নবনির্বাচিত পরিষদের সদস্যবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত পরিষদের নেতৃবৃন্দ মার্কেটের চলমান বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।এছাড়াও দোকান মালিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ১৭ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যরা হলেন:
সভাপতি এসএম ফরিদুল আলম, সিনিয়র সহ-সভাপতি মো: হানিফ পেয়ারু, সহ-সভাপতি মেজবাহ উল আলম ভূইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল করিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহম্মদ, অর্থ সম্পাদক সৈয়দ মাহবুব অর রশিদ, সহ-অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাইদ মোহাম্মদ শফি, প্রচার সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন হাসান, দপ্তর সম্পাদক মীর মোহাম্মদ নাছির উদ্দিন সিকদার, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদস্য মোহাম্মদ নূর আলম, হাসান দস্তগীর আজাদ, মো: আলমগীর, মো: ইব্রাহিম ভূইয়া, মহিন উদ্দিন।
এতে মার্কেটের দোকান মালিক- কর্মচারী, সমিতির কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবিগণ উপস্থিত ছিলেন।