​সরকারি বরাদ্দ ছাড়াই ব্যক্তিগত অর্থায়নে ৮ রাস্তার উন্নয়ন করে দৃষ্টান্ত স্থাপন করলেন নাসির উদ্দীন

সরকারি বরাদ্দের জন্য হাত গুটিয়ে বসে না থেকে নিজস্ব অর্থায়নে এলাকার সড়ক সংস্কার করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী ও সমাজসেবক মো. নাসির উদ্দীন। পরিবেশবান্ধব ‘ইউনিব্লক’ ব্যবহার করে ইতিমধ্যে তিনি এলাকার ৮টি কানেকটিং রাস্তার উন্নয়ন কাজ সফলভাবে সম্পন্ন করেছেন।

​সর্বশেষ ৮ম রাস্তা হিসেবে বুধবার (১২ আগস্ট) বিকেলে জামিজুরী ঘোড়াপাড়ায় সাড়ে তিনশ ফুট দৈর্ঘ্যের ‘আলহাজ্ব আব্দুল মোনাফ সড়ক’-এর উদ্বোধন করা হয়। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে রাস্তাটির উদ্বোধন করেন ‘জনতার কাউন্সিলর’ হিসেবে পরিচিত সমাজসেবক মো. নাসির উদ্দিন।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সমাজসেবক আলহাজ্ব আব্দুল মোনাফ, জামিজুরী ফাজিল মাদ্রাসা গভর্নিং বডির সাবেক সদস্য শরাফত আলী, সমাজসেবক হাজী লেদু সওদাগর, মো. আলাউদ্দীন, মোখলেছুর রহমান, নুরুল ইসলাম, মুজিবুর রহমান, খোরশেদ আলম, আমিনুল হক, মাষ্টার সফর মুল্লুক, মো. শাহজাহান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​খোঁজ নিয়ে জানা যায়, দোহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মোট ১১টি কানেকটিং রাস্তা রয়েছে, যার অধিকাংশই দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে ছিল। বৃষ্টি ও কাদা-পানিতে এসব রাস্তায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো স্থানীয়দের। জনদুর্ভোগের কথা চিন্তা করে নাসির উদ্দীন সরকারি অনুদানের তোয়াক্কা না করে নিজ অর্থায়নে রাস্তাগুলো টেকসই ও পরিবেশবান্ধব ইউনিব্লক দিয়ে নির্মাণের উদ্যোগ নেন।

​ইতোপূর্বে ৭টি রাস্তার কাজ শেষ করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। ৮ম রাস্তার কাজ সম্পন্ন হওয়ায় এখন বাকি থাকা ৩টি কানেকটিং রাস্তার কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত সড়কগুলো নিজস্ব অর্থায়নে সুন্দরভাবে মেরামত করে দেওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। নিঃস্বার্থ এই সমাজসেবামূলক কাজের জন্য তারা মো. নাসির উদ্দীনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​উন্নয়নমূলক এই উদ্যোগ প্রসঙ্গে মো. নাসির উদ্দীন বলেন, ​”জামিজুরী এলাকার ১১টি কানেকটিং রাস্তার অবস্থা খুবই বেহাল ছিলো। রাস্তাগুলো দিয়ে চলাচল করতে গিয়ে মানুষ ভীষণ দুর্ভোগ পোহাচ্ছিলো। জনদুর্ভোগ লাঘবের জন্য এলাকাবাসীর প্রতি নিজের দায়িত্ববোধ এবং মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আমি ব্যক্তিগত অর্থায়নে ইউনিব্লক দিয়ে ৮টি রাস্তার উন্নয়ন করে দিয়েছি। ইনশাআল্লাহ, বাকি থাকা ৩টি রাস্তার কাজও দ্রুত সম্পন্ন করা হবে।”

​ব্যক্তিগত উদ্যোগে এলাকাভিত্তিক এমন উন্নয়ন কাজ স্থানীয় রাজনীতি ও সমাজসেবায় এক নতুন এবং ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন দোহাজারীবাসী।