চট্টগ্রামের লোহাগাড়ায় সম্প্রতি টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিভিন্ন এলাকায় ৪ শত ৬৬ হেক্টর রোপা আমন বীজতলা, আউশ, গ্রীষ্মকালীন সবজি, পান, আদা, আলু ও হলুদ খেত নষ্ট হয়েছে।
অতি বৃষ্টির ফলে প্রায় ৫ হাজার ৫শত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৫ কোটি ৫২ লক্ষ ৬৩ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।
চুনতি ইউনিয়নের কৃষক শাহাদত হোসেন শেকু বলেন, ঋণ নিয়ে ৪০ শতক জমিতে লাউ, ঢেড়শ ও শশা চাষ করেছিলেন। পুরোটাই টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে তার লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, টানা বৃষ্টিতে উপজেলার ৯ হাজার ৫০০ কৃষকের ৪৬৬ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলায় এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫ কোটি ৫২ লক্ষ ৬৩ হাজার টাকা। ২৬০ হেক্টর আউশ, রোপা আমন বীজতলা ৪২০ হেক্টর, গ্রীষ্মকালীন সবজি ৪২০ হেক্টর, পান ২০ হেক্টর, আদা ৮ হেক্টর হলুদ ১০ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক জসিম বলেন, বিভিন্ন এনজিও থেকে ৯ লক্ষ বিভিন্ন প্রজাতির সবজি, আউশ ও আমন ধানের বীজতলা করেছিলাম। কিন্তু বন্যার পানি সবকিছু ধ্বংস করে দিয়েছে। এক দিকে সাংসারিক খরচ অন্য দিকে ঋণ পরিশোধের চাপ। এ মুহুর্তে সরকার আমাদের পাশে এসে না দাঁড়ায় তাহলে মরণ ছাড়া কোন পথ আছে বলে মনে হচ্ছে না।
উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম বলেন, টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন স্থানে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সামনে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার আওতায় আনা হবে।