চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়া দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার(১৬ জুলাই)রাত ৮ টার দিকে বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট (আইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায়
মোহাম্মদ দিদার আলম (৩২) ও মোহাম্মদ নুরুল আলম (৩৫) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়।
নিহতরা হলেন বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রুহুল আমিনের পুত্র মোহাম্মদ দিদারুল আলম (৩২) এবং পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন ২ নম্বর ওয়ার্ডের সাত্তার মাঝি বাড়ির বাসিন্দা মৃত সিরাজুল ইসলামের পুত্র মোহাম্মদ নুরুল আলম (৩২)। তারা দুজনই কনফিডেন্স সল্ট কারখানার শ্রমিক ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির অফিসার(ইনচার্জ)নুরুল আলম আশেক বলেন, দগ্ধ নুরুল আলম ও দিদারুল আলম আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট কারখানায় নতুন জেনারেটর স্থাপনের কাজ চলাকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোট ১১ জন শ্রমিক দগ্ধ হন। এ পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে এবং আহত আরও ৯ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৬
জনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ(ওসি)মোজাফফর হোসেন বলেন,ঘটনার পর ফায়ার সার্ভিস,পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে। বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।