আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের প্রতিবাদে সোনাইছড়ি বিএনপির বিক্ষোভ মিছিল 

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সোনাইছড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়ার বাজার এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মো: রবিউল হকের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি বার আউলিয়া বাজার থেকে শুরু হয়ে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় বার আউলিয়া বাজারে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উদ্দিন জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে ও পাট দলের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মো: রবিউল হকের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা হয়।

প্রতিবাদ সভায় নেতৃবৃন্দরা জানান, আসলাম চৌধুরী একজন কারা নির্যাতিত মানুষ। তিনি ৯ বছর জেল খেটেছেন। তাঁর ব্যাংকের ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য ছিল না। তাঁর যা কিছু ছিল, অবৈধ সরকার তা কেড়ে নিয়েছে। এক কালো ষড়যন্ত্রে আজ সকালে শুনতে পাই, আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল করা হলো। জনতার রায়ের ওপর কোনো রায় নেই। জনতার রায় কার্যকর না হলে আমরা আবার জীবন দিতে প্রস্তুত। প্রিয় নেতার জন্য লাখো মানুষ রাস্তায় নামতে প্রস্তুত। আদালত রায়টি পুনর্বিবেচনা করবে, এ আশা রাখছি।’

এ সময় অন্যান্যদের মধ্যে সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মো: সাহেদ, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তসলিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন লিটন, ইউনিয়ন যুব দলের সভাপতি সোহেল আরমান, সাধারণ সম্পাদক মো: মিন্টু,ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ওসমান আলী, কৃষকদল নেতা নুরুল হক, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মো: সানিসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন