চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, চান্দগাঁও থানার এসআই অরুন চাকমা ও এএসআই তোজাম্মেল গত শুক্রবার (২৪ এপ্রিল) রাতে নগরীর কোতোয়ালি থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আদালতের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি সানু ধরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সানু ধর বাঁশখালী উপজেলার সাধনপুর গ্রামের বাসিন্দা এবং হারাধন ধরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নগরীর বহদ্দারহাট শাহ আমানত সংযোগ সড়কের পাশ্বে‘মডার্ন মণি জুয়েলার্স’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন। অভিযোগ রয়েছে, কয়েক বছর আগে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বন্ধকী স্বর্ণ ও টাকা নিয়ে প্রতারণার মাধ্যমে দোকান বন্ধ করে তিনি আত্মগোপনে চলে যান।
মামলা সূত্রে জানা যায়, সানু ধর ব্যবসার কথা বলে বোয়ালখালী উপজেলার এম এ মন্নান নামের এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা ধার নেন। পরবর্তীতে ঐ টাকা পরিশোধ না করায় ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ ৭ম আদালতের (মামলা নং: ৩৮৩১/২০) ২০২৪ সালের ১৭ এপ্রিল এ মামলার রায় প্রদান করেন। রায়ে আসামি সানু ধরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ৩ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
রায় ঘোষণার পর থেকে আসামি আত্মগোপনে ছিলেন।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মো. নুর হোসেন মামুন জানান গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।