চট্টগ্রাম – ২ (ফটিকছড়ি) আসনে মনোনয়নপত্র দাখিল করতে পারেননি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির দুই প্রার্থী।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হন বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির প্রার্থী শেখ হুসাইন মো: শাহজাহান ইসলামাবাদী।
দলটির নেতা মাওলানা নিজাম উদ্দীন জানান, গতকালই নেজামে ইসলামী পার্টি নির্বাচন কমিশন থেকে নিবন্ধন লাভ করে। আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নির্ধারিত সময়ের মধ্যে কার্যালয়ে পৌঁছাতে না পারায় মনোনয়নপত্র জমা দেওয়া সম্ভব হয়নি। তবে বিষয়টি নিয়ে পরবর্তীতে আইনি ও নির্বাচন কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী করণীয় রয়েছে বলেও তিনি জানান।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো: জুলফিকার আলীও মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। দলটির উপজেলা সভাপতি মাওলানা শওকত আলী আজমী জানান, মনোনয়নপত্রের প্রয়োজনীয় ফটোকপি না থাকায় ফটোকপি করাতে গিয়ে সময় শেষ হয়ে যায়। ফলে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া সম্ভব হয়নি।