ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে মোঃ ওসমান ও মোঃ আব্দুর শুক্কুর নামে দুই সহোদরের টিন ও বেড়ার তৈরি দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২১ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাবেক ওয়ার্ড কাউন্সিলর মাওলানা মনজুর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং দুটি বসতঘর সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার স্টেশনকে জানানো হলেও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় আনুমানিক চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, বসতঘর পুড়ে যাওয়ায় তারা একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। তাদের থাকার একমাত্র আশ্রয় ধ্বংস হয়ে গেছে। তারা ক্ষতিগ্রস্ত ঘর সংস্কারে সরকারি ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নাজিরহাট পৌরসভার প্রশাসক মো: নজরুল ইসলাম বলেন, বিষয়টি আপনার কাছ থেকে জেনেছি। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।