হাশিমপুর নতুন আদর্শ গ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডস্থ দক্ষিণ হাশিমপুর নতুন আদর্শ গ্রাম মাহফিল পরিচালনা কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে হযরত আবুবকর সিদ্দিক (রা.) স্মরণে গত শনিবার (২০ ডিসেম্বর) রাতে হাশিমপুর নতুন আদর্শ গ্রাম মাঠে দ্বিতীয় বারের মত আজিমুশশান ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে প্রধান বক্তা ছিলেন কালিয়াইশ-ধর্মপুর আজিজিয়া হোছাইনিয়া মকবুলিয়া সুন্নিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা হযরতুলহাজ্ব আল্লামা মুফতি আহমদ হোসাইন আলকাদেরি (মা.জি.আ.)। বিশেষ অতিথি ছিলেন- হাশিমপুর সাত নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ ইদ্রিস মিঞা।

বিশেষ বক্তা ছিলেন- দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া সুন্নিয়া মাদরাসার সিনিয়র মুদাররিস মাওলানা মুহাম্মদ ইমরান হোসাইন আলকাদেরি (মা.জি.আ.), দক্ষিণ হাশিমপুর গুলমেহের সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম কাদেরী (মা.জি.আ.), দক্ষিণ হাশিমপুর হযরত আলী ফকির (রহ.) জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন (মা.জি.আ.), আদর্শগ্রাম জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসেন কাদেরী (মা.জি.আ.)।

বক্তারা বলেন, “বর্তমান ফেতনার জামানায় ঈমান রক্ষা করতে হলে হক বাতিলের পার্থক্য বুঝতে হবে। হযরত আবু বকর সিদ্দীক (রা.) কঠিন পরিস্থিতিতেও সবসময় সত্য ও ন্যায়ের পথে ছিলেন। তিনি ‘সিদ্দিক’ উপাধি পেয়েছিলেন তাঁর অটল বিশ্বাস ও আনুগত্যের কারণে। তাঁর আদর্শে নিজেকে পরিচালিত করতে হলে তাঁর সততা, নম্রতা, ত্যাগ, ধৈর্য, ঈমানের দৃঢ়তা, আমানতদারি এবং আল্লাহর রাসুল (সা.)-এর প্রতি অবিচল আনুগত্য—এই গুণাবলীগুলো অনুশীলনের মাধ্যমে তাঁর অনুপম আদর্শ আমাদের জীবনে বাস্তবায়নের দিকে ধাবিত হতে হবে। হযরত আবু বকর সিদ্দীক (রা.)-এর আদর্শ নিজের জীবনে প্রতিফলিত করতে পারলে ইহজগতে শান্তি ও পরকালে মুক্তি পাওয়া সম্ভব।”

পরে মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা শেষে তবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।