শিশুদের প্রতিভা বিকাশে পরিবার ও সমাজকে একসাথে কাজ করতে হবে: মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “শিশুরা জাতির ভবিষ্যৎ স্থপতি। তাদের সৃজনশীল বিকাশের জন্য পরিবার, বিদ্যালয় ও সমাজ—সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চিত্রকলার মতো সৃজনশীল চর্চা শিশুদের মানবিক, সংবেদনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে।”

তিনি বলেন, “বর্তমান সময়ে ডিজিটাল আসক্তি শিশুদের কল্পনাশক্তি ও সৃজনশীলতাকে বাধাগ্রস্ত করছে। তাই পরিবার ও শিক্ষক উভয়েরই উচিত শিশুদের সৃজনশীল কাজে উৎসাহিত করা। শিল্পচর্চা শুধু পেশা নয়, এটি মননশীলতা ও নৈতিকতার বিকাশ ঘটায়।”

মেয়র আরও বলেন, “চট্টগ্রাম সিটি করপোরেশন সবসময় সাংস্কৃতিক ও শিক্ষামূলক উদ্যোগের সঙ্গে থাকবে। শিশুদের প্রতিভা বিকাশে চসিক বিভিন্ন প্রতিষ্ঠানে অঙ্কন ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে।”
জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী শওকত জাহানের উদ্যোগে ও পরিচালনায় আয়োজিত দুই দিনব্যাপী বাংলাদেশের বৃহত্তম ৩১তম শিশু চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে শুক্রবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

শিল্পী শওকত জাহানের সভাপতিত্বে এবং মো. রেজাউল আবেদীন ইউসুফের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ কমিশনার মাহফুজুর রহমান, দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, দৈনিক আজাদীর চীফ রিপোর্টার হাসান আকবর, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান চিকিৎসা কর্মকর্তা (অব.) ডা. মোশাররফ হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক নুরুন্নাহার বেগম, বাংলাদেশ রং-তুলির আসরের চেয়ারম্যান নুরুল আজিম হিরু।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এমন আয়োজন শুধু শিশুদের শিল্প প্রতিভাকে তুলে ধরে না, বরং সমাজে ইতিবাচক চিন্তাধারার প্রসার ঘটায়। অনুষ্ঠান শেষে বিভিন্ন বয়সের শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আরও পড়ুন