হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে কোরআনে হাফেজের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে মো. সাজ্জাদ (১৬) নামে একজন কোরআনে হাফেজের মৃত্যু হয়েছে।

রোববার রাতে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ড. শহীদুল্লাহ একাডেমি সংলগ্ন মির্জি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ একই ইউনিয়নের বাদশা মার্কেট এলাকার হাসান তালুকদার বাড়ির মো. জামশেদ তালুকদার প্রকাশ জামশেদ ড্রাইভারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে হাফেজ সাজ্জাদ তার পাশের এলাকায় বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাটহাজারী পৌরসদরের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গড়দুয়ারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুল্লাহ চৌধুরী টিপু জানান, আজ সোমবার ১১টায় গড়দুয়ারা নিজ বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হয়।

আরও পড়ুন