চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আমজাদ হোসাইন সন্দ্বীপ টাউনের ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দির পরিদর্শন করেছেন।
এ সময় তিনি মন্দির প্রাঙ্গণে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
অধ্যাপক আমজাদ বলেন, “ইসলাম শান্তির ধর্ম। আমি আপনাদের কাছে শান্তির বার্তা নিয়ে এসেছি। আপনাদের যে কোনো নিরাপত্তা নিশ্চিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা সর্বদা আপনাদের পাশে থাকবে।”
তিনি আরও বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সন্দ্বীপে সব ধর্মের মানুষ বহুদিন ধরে মিলেমিশে বসবাস করছে। আমি চাই এই সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক।”
তিনি সনাতন ধর্মাবলম্বীসহ দ্বীপের সব মানুষের প্রতি গভীর মমত্ব প্রকাশ করে বলেন, “আমি মনে-প্রাণে আপনাদের ভালোবাসি। বিশেষ করে আমার এই দ্বীপের মানুষকে আমি নিজের পরিবারের মতো দেখি। আপনাদের সুখ-দুঃখে আমি পাশে থাকতে চাই।” স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা এ সময় তাঁকে স্বাগত জানান এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।