মিরসরাইয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করেছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল।

সন্ত্রাসী কর্মকাণ্ড ও দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশের বিষয়টি জানানো হয়৷

বহিষ্কৃত ছাত্রদল নেতারা হলেন মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম হোসেন এবং উপজেলার কাটাছড়া ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈম সরকার।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের তিন নেতাকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নিবে না। ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। এদের বিরুদ্ধে ভবিষ্যতে দলীয় পরিচয় ব্যবহার করে কোনরুপ বেআইনি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে উক্ত বিষয়ে কোনরূপ শৈথিল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

বহিষ্কার হওয়া মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন বলেন, ‘এই বহিষ্কার আদেশ ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। তৃণমূলের মতামত উপেক্ষা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সর্বশেষ গত রবিবার সকালে নিজামপুর সরকারি কলেজে এইচএসসির একাদশ ও দ্বাদশ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সে ঘটনাকে পরবর্তীতে রাজনৈতিক রূপ দেওয়া হয়। ওইদিন দুপুরে দমদমা এলাকায় এক কলেজ ছাত্রকে তুলে নিয়ে আসায় বিকেলে ছাত্রদলের দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এরপর সন্ধ্যায় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলায় উভয় গ্রুপের ৪ জন আহত হয়। এসময় পুরো নিজামপুর বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করেই এই বহিষ্কারাদেশ।

আরও পড়ুন