লোহাগাড়ায় ব্যবসায়ী শাহ আলমের খুনিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগরের ব্যবসায়ী শাহ আলম হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার আধুনগরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১২ সেপ্টেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো শাহ নেওয়াজ লাভলুর কোদালের আঘাতে ব্যববসায়ী শাহ আলম ঘটনাস্থলে মারা যায়।

এ ঘটনায় গতি ১৪ সেপ্টেম্বর লোহাগাড়া থানায় শাহ নেওয়াজ লাভলুসহ ৪জনকে এজাহার ভুক্ত করে হত্যা মামলা দায়ের করা হয়। শাহ আলম খুনের ৫ দিন পার হলেও খুনিরা ধরা ছোঁয়ার বাইরে। খুনিদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি দাবী জানান বক্তারা।

মানববন্ধনে আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীনের সভাপতিত্বে এনসিপি’র লোহাগাড়া উপজেলা প্রধান সমন্বয়কারী জহির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু মুসা মোহাম্মদ খালেদ জামিল, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম ডি জুনায়েদ চৌধুরী, মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার সভাপতি হামিদুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ নুরুচ্চাফা, আধুনগর সমাজ উন্নয়ন পরিষদ সভাপতি নুরুল আলম, ছাত্রনেতা তামিম মির্জা, শ্রমিক নেতা রফিক দিদার, শহিদুল ইসলাম, এনসিপি নেতা রিদওয়ান আর রাইহান, যুবদল নেতা রেজাউল করিম, ডাঃ হায়াত মাহমুদ খান, শাহাজাহান চৌধুরী পারভেজ, ইউপি সদস্য ফরিদুল আলম, সাদ্দাম হোসেন ও ইমতিয়াজ আহমদ প্রমুখ।