চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাস্থ ‘জামিজুরী বালক উচ্চ বিদ্যালয়’ এর অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবগঠিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠান সোমবার (১৫ সেপ্টেম্বর) বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
নবগঠিত এডহক কমিটিকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। পরে বিদ্যালয়টির প্রধান শিক্ষক শ্যামল কান্তি চক্রবর্তী এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।
উদ্বোধক হিসেবে ছিলেন- দোহাজারী পৌরসভা এলডিপি সভাপতি মো. লেয়াকত আলী।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, বিদ্যালয়টির সাবেক সভাপতি নেপাল চন্দ্র সরকার, নবগঠিত এডহক কমিটির সভাপতি পলাশ কুসুম দত্ত, অভিভাবক সদস্য ভবতোষ শীল, শিক্ষক প্রতিনিধি উজ্জ্বল বড়ুয়া, সাবেক অভিভাবক সদস্য পীযুষ ভট্টাচার্য্য, পৌরসভা এলডিপি দপ্তর সম্পাদক মোহাম্মদ আলমগীর।
বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থা একটি ত্রিমুখী ব্যবস্থা। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক প্রত্যেকরই সমন্বয়র প্রয়োজন আছে। এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা-বাবা যদি তাদের সন্তানদের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেই সাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দুর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশীলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে মাঝে মাঝে এ ধরণের সমাবেশ করতে হবে। এতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি মো. রাজিব হোসেন তার বক্তব্যে বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে। তিনি আরো বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শেখায়।
নবগঠিত সভাপতি পলাশ কুসুম দত্ত বিদ্যালয় সঠিকভাবে পরিচালনা করতে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে সহকারী শিক্ষক আব্দুল গাফফার, নুরুল হক, মো. নিরব, উর্মিলা রানী, মো. শফিক, বনিতা রানী, উম্মে ছালেহা, সীমা রানী দাশ, মনিফা সুলতানা, রনি দাশ, ছোটন দাশ সহ অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।