চট্টগ্রামের মিরসরাইয়ে চালক সেজে মদ বেচে ২ যুবক। পৃথক অভিযানে ১৩২ লিটার চোলাই মদসহ তাদের আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের বাদামতলা ও জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় ডিপটি টিলা এলাকায় এই অভিযান চালিয়ে তাদেও আটক করে।
আটকরা হলো উপজেলার করেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সামনেরখিল এলাকার তাজুল ইসলামের ছেলে মো. মাসুদ (২৫) ও কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার মৌকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়পুতুর নাড়ুয়া এলাকার মৃত ইউনুছ মিয়ার ছেলে জসিম উদ্দিন (৪৫)। তারা দুজনই পেশায় চালক, মাসুদ সিএনজিচালিত অটোরিকশা চালক এবং জসিম উদ্দিন ব্যাটারিচালিত রিকশা চালক।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হিঙ্গুলী ইউনিয়নের বাদামতলা থেকে অটোরিকশা চালক মাসুদকে আটক করা হয়। এসময় তার অটোরিকশার পেছন থেকে ১১২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এর আগে রাত সাড়ে ৮ টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার শাহ আলমের দোকানের সামনে থেকে ব্যাটারিচালিত রিকশা চালক জসিম উদ্দিনকে আটক করা হয়। এসময় ব্যাটারি রিকশার সিটের নিচ থেকে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
ওসি আরো বলেন, ‘আটক যুবকরা দীর্ঘদিন ধরে ড্রাইভিংয়ের আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’