চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় ঠুনকো ঘটনায় মামাকে গুলি করার অপরাধে অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী অবৈধ বন্দুক ও তিনটি ধারালো অস্ত্র জব্দ করে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) ভোরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ পারভেজ (৩১) ও তার সহযোগী আশরাফ আলী সিকদার(১৯)।
মোঃ পারভেজ(৩১) সরফভাটা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সিপাহীপাড়ার মৃত আবুল আবছারের ছেলে। আশরাফ আলী সিকদার (১৯) একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তালেব উল্ল্যাহ সিকদার বাড়ীর মোঃ একরাম সিকদারের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, সরফভাটা সিপাহী পাড়ায় গত রবিবার ঠুনকো ঘটনায় মামাকে গুলি করেছিলো ভাগিনা পারভেজ। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পারভেজ ও তার সহযোগী আশরাফ আলী সিকদারকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
এর আগে গত রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় মামা ফজলুল করিম ও ভাগিনা পারভেজ এক সাথে গোসল করছিল। গোসল সেরে ভাগিনা পারভেজ লুঙ্গি পাল্টানোর সময় মামা ফজলুল করিমের কাপড়ে পা দেয়। এতে মামার লুঙ্গি কিছুটা ভিজে যায়। বিষয়টি বোনকে নালিশ জানায় ভাই ফজলুল। এতে ক্ষিপ্ত হয়ে ভাগিনা বাড়ি থেকে অস্ত্র এনে মামাকে গুলি চালালে মামার শরীরে তিনটা গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দেন মামা। পারভেজ সরফভাটা ইত্যাদি চত্বরে মামুন হত্যার তালিকাভুক্ত আসামী।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামাকে আহত করা হত্যা মামলার আসামি পারভেজ ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।