চট্টগ্রামের চন্দনাইশে সাদিয়া সুলতানা আরফি (১৯) নামের এক গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার (৩ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টার সময় উপজেলার বরকল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডস্থ কামাল মাষ্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। বুধবার সকালে নিহত গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় আটক করা হয়েছে অভিযুক্ত স্বামী মিজানুর রহমান রিদোয়ান (২৬) কে। সে ওই এলাকার মৃত গোলাম শরীফের ছেলে।
নিহত গৃহবধু সাদিয়া সুলতানা আরফি সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডস্থ পশ্চিমপাড়া এলাকার জাহেদুল ইসলামের মেয়ে।
জানা গেছে, সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ পশ্চিমপাড়া এলাকার জাহেদুল ইসলামের মেয়ে আরফির সাথে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ কামাল মাষ্টার বাড়ির মৃত গোলাম শরীফের ছেলে রিদোয়ানের সাথে গত ৮ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরের পরিবারের লোকজন আরফিকে নির্যাতন করতো। স্থানীয়দের দাবি আরফির স্বামী একজন মানসিক ভারসাম্যহীন। বুধবার ভোরে স্ত্রীকে গলাটিপে হত্যা করে মরদেহ বাথরুমে ঢুকিয়ে রাখে। সকালে ঘরের দরজা খুলতে দেরি হওয়ার কারণে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ঢুকে দেখে আরফির মরদেহ বাথরুমে পড়ে রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন হেলাল জানান, “গত ভোররাত সাড়ে ৩টার সময় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ভেতর থেকে দরজা বন্ধ করে বসে আছে রিদোয়ান। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি তার স্ত্রীর লাশ পড়ে আছে।
তার পরিবারের লোকজন জানিয়েছে রিদোয়ান মানসিকভাবে ভারসাম্যহীন। রাতের কোন এক সময় সে তার স্ত্রীকে গলাটিপে হত্যা করে বাথরুমে ঢুকিয়ে রেখেছে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।”
এদিকে নিহত গৃহবধু আরফির মামা নাজিম উদ্দীন জানান, “ঘাতক রিদোয়ান মানসিক ভারসাম্যহীন নয়। বিগত এক/দেড় মাস আগে ব্যবসা করার জন্য সে শ্বশুরের কাছে ৩ লাখ টাকা দাবি করে। টাকা দিতে না পারায় আরফির উপর নির্যাতন শুরু করে রিদোয়ান। ঘটনার দিন রাতে আমার ভাগনিকে মেরে বাথরুমে ডুকিয়ে রাখে। খবর পেয়ে আমরা সকালে সেখানে গেলে ঘাতক রিদোয়ান ঘুম ছিল। আমাদের উপস্থিতির খবর পেয়ে সে তড়িগড়ি করে ঘুম থেকে উঠে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আরফির লাশ বাথরুম থেকে টেনে বের করে।
এ সময় সে পাগল সেজে পরনের কাপর-ছোপড় খুলে উলঙ্গ হয়ে যায়। এদিকে এলাকার কিছু ব্যক্তি তাকে পাগল সাজানোর জন্য চেষ্টা চালাচ্ছে। মুলত টাকা না পেয়েই তাকে গত রাতে মারধর করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”
এবিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, “খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্ত্রীকে হত্যার অভিযোগে নিহত গৃহবধূ আরফির স্বামী রিদোয়ানকে আটক করা হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”