চট্টগ্রামের মিরসরাইয়ের সন্ত্রাসী হকসাবের একান্ত সহযোগী সাইদুল প্রকাশ ডাকাত সাইদুল (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে জোরারগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খিলমুরারী দোল্লাটিলা এলাকার মৃত রসুল আহম্মদের ছেলে।
গ্রেফতার সাইদুলের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, ছিনতাই, অস্ত্র, চুরি, চাঁদাবাজি ও মাদক কারবারসহ ২১ টি মামলা রয়েছে। এর মধ্যে দুইটি গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, ‘সাইদুল প্রকাশ ডাকাত সাইদুল খিলমুরারীর কুখ্যাত সন্ত্রাসী হকসাবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। সে বিএসআরএম ফ্যাক্টরিতে নিয়মিত চুরি ছাড়াও এলাকায় ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিল। তার গ্রেফতারের খবরে স্থানীয় জনসাধারণ স্বস্তি প্রকাশ করেছেন।’