চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে ভিক্ষুক কর্তৃক চুরির অভিযোগে তসলিমা আক্তার নামে এক চোরকে নগদ টাকা ও স্বর্ণালংকারহ গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তার বাসায় তল্লাশি চালিয়ে নগদ ৪ লাখ ৫১ হাজার টাকা ও প্রায় ৪ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
তসলিমা আক্তার উপজেলার কালিয়াইশ ইউনিয়নের কাটগড় এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী। তিনি ভিক্ষুক সেজে বিভিন্ন এলাকায় চুরি করতেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) খাদিজাতুল কোবরা রাফি নামের এক প্রবাসীর স্ত্রী কক্সবাজার জেলার চকরিয়া এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য লোহাগাড়া থানাধীন আমিরাবাদ স্টেশনস্থ মুনস্টার নামে একটি দোকানের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় একজন ব্যক্তি ভিখারীর বেশে তাদের কাছে ভিক্ষা চান। ভিক্ষুকদের একজন প্রবাসীর স্ত্রীর সঙ্গে থাকা এক নারীকে উসকানিমূলক কথা বলে খেপিয়ে দেন। এতে ভিক্ষুকের সঙ্গে প্রবাসীর স্ত্রীর সঙ্গে থাকা নারীর তর্কতর্কি হয়।
ওই সময় প্রবাসীর স্ত্রী তাদের মধ্যে সৃষ্ট তর্কাতর্কির সমাধান করতে গেলে তসলিমা তার কাঁধে থাকা ব্যাগের চেইন খুলে প্রায় ২ ভরি ওজনের সোনা (২ জোড়া কানের দুল, ১টি আংটি) নিয়ে পালিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তসলিমাকে খুঁজে পাওয়া যায়নি।
এরপর গতকাল ওই প্রবাসীর স্ত্রী লোহাগাড়া থানায় মামলা করেন। মামলার পর পুলিশ আসামি শনাক্ত করে তসলিমা আক্তারকে প্রেপ্তার করে। এ সময় তার বাসা থেকে নগদ ৪ লাখ ৫১ হাজার টাকা এবং ৩ ভরি, ১১ আনা, ২ রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করে। ওই স্বর্ণালঙ্কারের মধ্যে প্রাবাসীর স্ত্রীর একজোড়া কানের দুল এবং একটি আংটি রয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গ্রেপ্তার তসলিমা আক্তারের বাসা থেকে চোরাই নগদ ৪ লাখ ৫১ হাজার টাকা এবং ৩ ভরি, ১১ আনা, ২ রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। ওই স্বর্ণালঙ্কারের মধ্যে প্রাবাসীর স্ত্রীর একজোড়া কানের দুল এবং একটি আংটি রয়েছে। মঙ্গলবার তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।