চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে (৮ আগষ্ট) বিকাল ৩.৩০ টায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগরের উদ্যোগে ‘দ্রোহের জুলাই’ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জুলাই স্মৃতিচারণ এবং পুরষ্কার বিতরণী এর মধ্যে দিয়ে আয়োজন সম্পূর্ণ হয়।
উক্ত আয়োজন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চট্টগ্রাম নগরের সভাপতি রিপা মজুমদারের সভাপতিত্বে এবং নগরের সাধারণ সম্পাদক নেভী দে এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক দীপা মজুমদার, চট্টগ্রাম নগরের সাংগঠনিক সম্পাদক আব্দুল আল জাওয়াদ , শহিদ মো. ফারুকের স্ত্রী সীমা আক্তার, শহীদ মো. আলমের স্ত্রী নয়ন এবং জুলাই স্মৃতিচারণ করেন জুলাই যোদ্ধা মিনহাজ রাফী। উক্ত আয়োজন জাতীয় সংগীত এর মধ্যে দিয়ে শুরু হয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং বক্তব্য, গান, আবৃত্তি, নাচ অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তারা বলেন, “গত বছর জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে লড়াইয়ে সহস্রাধিক অমূল্য প্রাণের শহীদি আত্মদান এবং হাজার হাজার মানুষ চোখ-হাত-পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছে। এরই মধ্যে গণঅভ্যুত্থানের এক বছর হতে চলছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের গণ-আকাঙ্ক্ষার দিকে না তাকিয়ে আমলাতন্ত্র, কর্পোরেট পুঁজি এবং সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ করেছে। সরকার শেখ হাসিনাসহ জুলাই গণহত্যায় জড়িতদের বিচার, আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। গণআকাঙ্ক্ষার চাপে সরকার কিছু সংস্কার কমিশন করলেও শিক্ষা সংস্কার কমিশন করেনি। আমরা অভিজ্ঞতা থেকে দেখতে পাই, সরকার আসে সরকার যায় কিন্তু শিক্ষা সম্পর্কে শাসকশ্রেণির দৃষ্টিভঙ্গী থাকে অভিন্ন। নারীবিদ্বেষ, সাম্প্রদায়িকতা, ট্যাগিং কালচার, মব সন্ত্রাস এবং আদিবাসী-সংখ্যালঘু জনগণের ওপর নির্যাতন ভয়ানক আকার ধারণ করেছে। এসব প্রতিরোধে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।”
উক্ত সভা থেকে ছাত্র সমাজের প্রতি জুলাই গণহত্যার বিচার, ছাত্র সংসদ নির্বাচন এবং বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থার দাবিতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
উক্ত সভায় শহীদ পরিবারের সদস্য দের সম্মান জানিয়ে সম্মাননা দেওয়া হয়।শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা করেন। সভা শেষে ‘দ্রোহের জুলাই’ স্মরণে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।