লোহাগাড়ায় সিএনজিচালিত অটোরিকশা-বাস সংঘর্ষে আহত ৬

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। আহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শুক্রবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়ার এশিয়ান হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, কক্সবাজার জেলার রামুর পাতাবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আমহদ মিয়ার ছেলে মোঃ ইব্রাহিম, একই জেলার ইদগা ইসলামপুর সিকদার পাড়ার আবদুল আজিজের ছেলে জুনাইদ(৩৪), উখিয়া উপজেলার আনোয়ারের ছেলে বশির আহমদ(২৭)।

চট্টগ্রামের সাতকানিয়ার গারাংগিয়ার সৈয়দ আহমদের ছেলে ছরওয়ার কামাল(৪০), লোহাগাড়ার উত্তর পদুয়া বদলা পাড়ার মৃত চাঁন মিয়ার ছেলে মোক্তার আহমদ(৪২), আমিরাবাদ সৈয়দ পাড়ার মোহাম্মদ হারুনের স্ত্রী নুর আয়েশা(৪০)। এদের মধ্যে ইব্রাহিম গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিসাধীন আছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া এশিয়ান হাসপাতালের সামনে চট্টগ্রামমুখী সিএনজিচালিত অটোরিকশার সাথে কক্সবাজারমুখী ঈগল মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমোচড়ে যায়। সিএনজিচালিত অটোরিকশার ৬ জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পদুয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে মোঃ ইব্রাহিমের অবস্থা গুরুতর বলে জানা যায়। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

দোহাজারী হাইওয়ে থানার এস আই জুফিটার আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার ৬ যাত্রী আহত হন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ঘটনাস্থল থেকে ইগল মিনি বাসটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে আর ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই সিএনজিচালিত অটোরিকশাটি কে বা কারা সরিয়ে নিয়ে যায়। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।