চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে বঙ্গোপসাগরে ভেসে আসা অজ্ঞাতনামা এক ব্যক্তির (২৭) লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া বঙ্গোপসাগরের ফুলতলী সৈকত এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশের গায়ের চামড়া খসে গেছে। পরনে একটি ট্রাউজার রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া বঙ্গোপসাগরের ফুলতলী সৈকত এলাকায় জোয়ারে ভেসে আসা একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
পরে তাঁরা জরুরি সেবার ৯৯৯ নাম্বারে ফোন দিলে নৌপুলিশের একটি দল লাশটি উদ্ধার করে। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে গহিরা বার আউলিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহমান বলেন, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছি। লাশের পরিচয় নিশ্চিত করতে চেষ্টা করছি।