চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণ শ্রমিক জহির উদ্দিন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, বিচার, শাস্তির দাবী ও হত্যাকারীদের আড়াল করতে সাজানো ডাকাতির ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা সাড়ে বারটার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮নং গৌড়স্থান নয়াপাড়া এলাকায় এ মানববন্ধন করা হয়।
জানা যায়, ১৩ জুলাই স্থানীয় নাজিম ও শাহাব উদ্দিনের কাছে বাড়ি নির্মাণ কাজের পাওনা টাকা চাইতে গিয়ে তাদের ছুরিকাঘাতে নির্মাণ শ্রমিক জহির উদ্দিন (৩৮) গুরুতর আহত হয়। গত ১৬ জুলাই রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জহির পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান নয়াপাড়া এলাকার বাসিন্দা আলী আহমদের ছেলে। ১৬ জুলাই নিহতের স্ত্রী ছেনু আরা বেগম বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নয়াপাড়া এলাকার সাহাব উদ্দিন, নাজিম উদ্দিন, মোঃ জুবাই ও মোঃ রিয়াদকে এজাহারভুক্ত করে আরো ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। জহির হত্যার ৮ দিন পার হলেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। এনিয়ে এলাকায় মানুষের মাঝে অসন্তোষ বিরাজ করছে। হত্যাকারীদের বাঁচাতে স্থানীয় প্রভাবশালী এক আওয়ামীলীগ নেতা কলকাঠি নাড়াচ্ছেন বলে এলাকাবাসীরা জানান।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, জহির হত্যা মামলার আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মানববন্ধনে এলাকাবাসীরা দ্রুত শ্রমিক জহির হত্যার ইন্ধনদাতা ও আসমীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবী জানান এবং খুনিদের আড়াল করতে স্থানীয় ওমর আলী সহ এলাকাবাসীর বিরোদ্ধে মিথ্যা ও সাজানো ডাকাতির অভিযোগের প্রতিবাদ জানান। স্থানীয় এক প্রভাবশালী আওয়ামীলীগ নেতা খুনিদের আড়াল করতে চেষ্টা করছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। অবিলম্বে তাকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান তারা।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মেহের আলী, খোরশেদুল আলম, নিহত শ্রমিক জহিরের বড় ভাই আবুল কাসেম, আজিজ সিকদার প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন ওমর আলী, আইয়ুব সিকদার, আজিজ সিকদার ও মোহাম্মদ ইসমাইল প্রমুখ।
ছবি- লোহাগাড়ার পুটিবিলা এলাকায় খুনিদের বিচার দাবীতে মানববব্ধন।
রিপোর্ট- হোছাইন মেহেদী , লোহাগাড়া, চট্টগ্রাম। ফোন-০১৮১৭৭৩০৬৮৬।