৪২ ঘন্টা পর সাঙ্গু নদীতে ভেসে উঠলো দোহাজারী থেকে নিখোঁজ যুবকের লাশ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দিয়াকুল ঘাটিয়াপাড়া এলাকায় সাঙ্গু নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজের ৪২ ঘণ্টা পর সাইফুল ইসলাম (২০) নামের যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ১১টার সময় সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডস্থ দক্ষিণ বামনডাঙা এলাকায় সাঙ্গু নদীর তীরে তার মরদেহটি ভেসে ওঠে। খবর পেয়ে সাইফুলের ভাই জমির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে পরিচয় সনাক্ত করেন।

এর আগে গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার সময় দোহাজারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডস্থ ঘাটিয়াপাড়া এলাকায় লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় সাইফুল। সে কক্সবাজার জেলার উখিয়া থানার পালংখালী ইউনিয়নের তেলখোলা গ্রামের তোফায়েল আহমদের ছেলে। সে দিয়াকুল নিপেন্দ্র মাষ্টারের ভাড়া বাসায় থেকে গত পাঁচ মাস ধরে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের সুমন মিস্ত্রির অধীনে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতো।

চন্দনাইশ ফায়ার সার্ভিস ষ্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর কামরুল হাসান জানান, লাকড়ি সংগ্রহ করতে গিয়ে সাঙ্গু নদীতে যুবক নিখোঁজের খবরে গত শুক্রবার সকাল সাতটা থেকে চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে যুক্ত হয় আগ্রাবাদ ষ্টেশন থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দিনভর তল্লাশির পর সন্ধ্যার সময় অভিযানটি সমাপ্ত ঘোষণা হয়।

মরদেহ উদ্ধার বিষয়ে চরতী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হানিফ চৌধুরী বলেন, “দক্ষিণ বামনডাঙা এলাকায় সাঙ্গু নদীতে ভেসে আসা মরদেহ উদ্ধারের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠিয়েছি। বিষয়টি থানায় অবহিত করেছি। তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।”

সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশের পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনদের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।