২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ হাজার ১৪৫ কোটি ৪২ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
আজ সোমবার (২৩ জুন) টিআইসি মিলনায়তনে চসিকের বাজেট ঘোষণা করেন তিনি।
তিনি ২০২৪-২৫ অর্থবছরের ১ হাজার ২২১ কোটি ৯৬ লাখ টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করেন। তিনি বলেন, ২০২১ সালে চসিক নির্বাচনে আমি জয়লাভ করলেও ফ্যাসিস্ট সরকারের কূটকৌশলে পরাজিত দেখায়।
গেল বছর জুলাই ২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অবৈধ আওয়ামী ফ্যাসিস্ট সরকার ও দোসরদের পতনের পর আদালতের আদেশে মেয়রের দায়িত্বপ্রাপ্ত হয়েছি।
তিনি আরও বলেন, ৬০০ কোটি দেনা নিয়ে দায়িত্ব নিয়েছিলাম। ৮ মাসে দেড়শ কোটি টাকা পরিশোধ করেছি। দেনা শূন্যের কোটায় নিয়ে আসব। চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমি ভালোবাসি।
বাজেট অধিবেশনে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বাজেট বিবরণী উপস্থাপন করেন ভারপ্রাপ্ত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন।