ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সরকারি যাকাত তহবিল দারিদ্র্য বিমোচনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে। এ তহবিলকে শক্তিশালী করার মাধ্যমে দারিদ্র্য নিরসন কার্যক্রমকে বেগবান করা সম্ভব।
মঙ্গলবার বিকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাবুনগর জামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি যাকাত তহবিলের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
যাকাত গ্রহীতাদের উদ্দেশ্যে ধর্ম উপদেষ্টা বলেন, সরকারি যাকাত তহবিল হতে প্রাপ্ত অর্থ পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে। নিজেকে স্বাবলম্বী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে এ অর্থ বিনিয়োগ করতে হবে। আয়বর্ধক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে। গবাদিপশু ও হাঁসমুরগি পালন, মৎস্য চাষ, শাকসবজি উৎপাদন, কুটির শিল্প স্থাপন প্রভৃতি কার্যক্রম শুরু করতে হবে। এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন ত্বরান্বিত হবে।
এসময় অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের পরিচালক সরদার সরোয়ার আলম ও সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা নূরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দুই শতাধিক গরীব-অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন এবং ৬৪ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি যাকাত তহবিল হতে ৬ লাখ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়।