বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী রিজিয়া রেজা চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী আব্বাস উদ্দিন ওরফে টাকলা আব্বাসকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্কোরক মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আব্বাস উদ্দিন লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মুন্সীপাড়ার মৃত তৈয়ব উল্লাহর ছেলে।
চট্টগ্রামের লোহাগাড়া থানায় দায়ের করা একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত রবিবার (১৮ মে) এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আবদুর রাজ্জাক জানান, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে হামলা ও বিস্ফোরক মামলার আসামী আব্বাস উদ্দিন হাইকোর্ট থেকে আট সপ্তাহের জন্য আগাম জামিন পান। আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম জামিনের আবেদন নামঞ্জুর করে আসামীকে জেল হাজতে প্রেরণ করেন।
লোহাগাড়া থানা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় মোহাম্মদ মোমেন হোসেন জয় নামে এক ব্যক্তি বাদী হয়ে লোহাগাড়া থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। লোহাগাড়া থানার মালমা নং-৩০/১৬৭। ওই মামলায় ৩৫ নাম্বার আসামি এজাহারভুক্ত আব্বাস উদ্দিন।