চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমির ওবায়েদুল্লাহর জানাজা সম্পন্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্য-সংস্কৃতির পৃষ্ঠপোষক ও লেখক ড. আ জ ম ওবায়েদুল্লাহ ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি।

রবিবার সকাল ১১টায় চট্টগ্রামের প্যারেড ময়দানে প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। নামাজে জানাজায় ইমামতি করেন ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র দ্বিতীয় ছেলে মুয়াজ আবরার। পরবর্তী জানাজা ভোলার চরফ্যাশন নিজ গ্রামে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুম ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র প্রথম নামাজে জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি আলহাজ¦ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহছানউল্লা ভুইঁয়া, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. এডভোকেট হেলাল উদ্দিন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, বাইতুশ শরফ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা সাইয়েদ আবু নোমান, ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র বড় ছেলে মোছান্না প্রমুখ।

ভোলার চরফ্যাশনে জন্মগ্রহণ করা ড. আ জ ম ওবায়েদুল্লাহ চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পরে কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেন। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রতিষ্ঠাকালীন রেজিস্ট্রার ছিলেন। সবশেষ তিনি বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিত, ড. আ জ ম ওবায়েদুল্লাহ সবশেষ চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমির পদে ছিলেন। পেশাগত জীবনে তিনি সাহিত্য-সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। তিনি মাসিক অঙ্গীকার ডাইজেস্টের সম্পাদক এবং হুইল বিজনেস ম্যাগাজিনের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার লেখা জনপ্রিয় বইয়ের মধ্যে তরুণ তোমার জন্য ও স্বপ্নের সাহসী ঠিকানা উল্লেখযোগ্য।

আরও পড়ুন