চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাঙ্করেজ এলাকায় এমভি বালাসুর-১ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় ওই এলাকায় নৌযান চলাচল ও নোঙর করার ক্ষেত্রে অন্য জাহাজগুলোকে সতর্ক করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
রোববার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাজটি ডুবে যাওয়ার স্থানটি নৌযান চলাচলের জন্য বিপজ্জনক। দুর্ঘটনাস্থল চিহ্নিত করতে সেখানে একটি কালো বয়া স্থাপন করা হয়েছে। বয়াটিতে নির্দিষ্ট বিরতিতে সাদা আলো জ্বলবে। এতে আরও বলা হয়, নৌযান চলাচল ও নোঙর করার সময় সব জাহাজকে দুর্ঘটনাস্থল এড়িয়ে চলতে হবে।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, জাহাজটি ডুবে যাওয়ার পরপরই দুর্ঘটনাস্থল চিহ্নিত করে বয়া বসানো হয়েছে। ওই স্থান দিয়ে চলাচলের সময় অন্য জাহাজগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। নৌযান চলাচল নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।