আবুধাবি থেকে ওমরা হজ্ব আদায়ের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে রিয়াদের প্রবেশ মুখে সড়ক দুর্ঘটনায় রাফি (১৫) নামে এক কিশোরী নিহত হয়েছে।
শনিবার ভোরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাফি চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ড পরান চৌধুরী বাড়ীর সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আইয়ুবের কনিষ্ট মেয়ে এবং লন্ডন প্রবাসী মাসুদুর রহমানের ভাতিজী।
পরিবার সূত্রে জানা যায়, নিহতের বাবা আইয়ুব গাড়ি৷ চালাচ্ছিলেন। আবুধাবি থেকে সড়কপথে সৌদি আরব প্রবেশের পর রিয়াদের প্রবেশ মুখে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় রাফি গাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার সময় গাড়িতে পরিবারের মোট সাতজন সদস্য ছিলেন।
নিহতের চাচা লন্ডন প্রবাসী মাসুদুর রহমান জানান, দুর্ঘটনায় পরিবারের অন্যান্য সদস্যও আহত হয়েছেন। আহতদের মধ্যে রাফির মা ও দুই বোন বর্তমানে রিয়াদের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তবে আইয়ুব ও অপর এক সন্তান অক্ষত রয়েছে বলে তিনি জানান। দুর্ঘটনায় আহত পরিবারের সদস্যরা বর্তমানে রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সৌদি আরবের রিয়াদে অবস্থানরত বাংলাদেশিদের কাছে সহযোগিতার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।